দেবদারু

Kingdom: Plantae
Order: Magnoliales
Family: Annonaceae
Genus: Polyalthia
Species: P. longifolia

সংস্কৃত : দেবদ্রুম।
বৈজ্ঞানিক নাম :
Polyalthia longifolia

Annonaceae গোত্রের একটি চিরসবুজ বৃক্ষ। ভারতের হিমালয়ের পাদদেশে এই গাছ জন্মে। বাংলাদেশ ও শ্রীলঙ্কায় এই গাছ প্রচুর জন্মে।


এই গাছগুলি সরল ও উন্নত। এই গাছগুলো প্রায় ২৫০ উঁচু হয়ে থাকে। গুঁড়ির পরিধি হয়ে থাকে ৩৬ ফুট। প্রায় ৬০০ বৎসর জীবিত থাকে।


এদের কাণ্ড ধূসর, অমসৃণ ও রুক্ষ। এর বাকল পুরু এবং ফাটা ফাটা দশা লক্ষ্য করা যায়। এর পাতা বর্শাফলকের মতো দীর্ঘ, হ্রস্ববৃত্তক এবং পাতার প্রান্ত ভাগ মৃদু আন্দোলিত। এর কচি পাতার রং হলুদ-সবুজের সংমিশ্রিণ লক্ষ্য করা যায়, আর প্রাপ্তবয়স্ক পাতার রং গাঢ় সবুজ। প্রচুর পাতার আচ্ছাদনে এর কাণ্ড প্রায় দেখাই যায় না। এর পাতগুলি ভূমিমুখী। শীতকালে এর পাতা ঝরে পড়ে।

এই গাছের ফুলগুলি ছোট ও গুচ্ছবদ্ধ। ফুলগুলি হলুদ ও সবুজে মেশানো হয়ে থাকে। ছটি মুক্তদলে বিন্যস্ত ফুলগুলিতে বহু মুক্ত গর্ভকেশর দেখা যায়। ফলে একগুচ্ছ ফুল থেকে একগুচ্ছ ফল জন্মে। বর্ষাকালে এর ফলগুলি পাকে। ফলগুলির রং হয় বেগুনী-হলুদ বর্ণের। বীজের আকার হয় ১.২৫ ইঞ্চি। বীজ থেকে সহজেই এর চারা জন্মে। এই গাছগুলির বৃদ্ধি অত্যন্ত মন্থর।

এর কাঠের রং সাদা। বাক্স, পেন্সিল, ড্রাম প্রভৃতি প্রস্তুত করতে এর কাঠ ব্যবহার করা হয়। এই গাছের বাকল থেকে নিম্নমানের আঁশ সংগ্রহ করা যায়। গৃহ ও বহিরাঙ্গনের সজ্জায় এই গাছের পাতা ব্যবহার করা হয়। দেবদারুর বেশ কয়েকটি প্রজাতি রয়েছে।