গীতিকার: জালাল উদ্দিন খাঁ
শিরোনাম: আজকে আমি হারিয়ে গেলাম চিরচেনা ঘরের দ্বারে
পর্যায়:
৬৮২
আজকে আমি হারিয়ে গেলাম চিরচেনা ঘরের দ্বারে
নিজকে নিজে দেখতে না পাই, পড়ছিরে ঘোর অন্ধকারে ।।
আমার যত বুদ্ধি কৌশল, সবকিছু আজ হলো বিফল
হলাম আমি হৃত সম্বল, পড়ছি বান্ধা জটিল তারে ।।
ডাক শুনিয়া বাইরে আইলাম, কে ডাকিলো না বুঝিলাম
দিক বিভ্রান্ত হয়ে এখন, কতদিকেই চলছি ঘুরে ।।
রাত দিন কিছু বুঝতে না পাই, আমার কাছে সমান সব ঠাই
চিন্তায় জালাল মরছে যে তাই, জীবন বাঁচাই কেমন করে ।।
তথ্য
- জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী, ১০০/১১৯ আজিজ সুপার মার্কেট (দ্বিতীয় তলা), শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৪৪৩