গীতিকার: জালাল উদ্দিন খাঁ
শিরোনাম: আল্লা খুবই বুড়া আদমি ওদের মুখে শুনা যায়
পর্যায়:
৬৫১
আল্লা খুবই বুড়া আদমি ওদের মুখে শুনা যায়
জইফ হয়ে সে বেচে আছে, কুরছিত বইস্যা দিন কাটায় ।।
ফেরেসতারা খেদমত করে, গোলাপগন্ধী তামাক ভরে
রাইতে দিনে কল্কি মারে, ফলফলাদি খুবই খায় ।।
ধোয়ায় লাল হয় পাকা দাড়ি, আলখেল্লা আর ইজার পরি
পাগড়ি মাথে তসবি ধারি, এবাদতে দিন কাটায় ।।
শুনি এসব সকল সময়, মনে কিন্তু না হয় প্রত্যয়
জালালের হয় ভাব বিপর্যয়, দিবানিশি এই চিন্তায় ।।
তথ্য
- জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী, ১০০/১১৯ আজিজ সুপার মার্কেট (দ্বিতীয় তলা), শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৪২৫