গীতিকার: জালাল উদ্দিন খাঁ
শিরোনাম: আমার মন করে উদাসী গো, কোন বনে বাজাও বাঁশি
পর্যায়: ভাটিয়ালি
১৯৫
আমার মন করে উদাসী গো, কোন বনে বাজাও বাঁশি
নিত্য নিত্য জলের ছলে, তোমায় দেখতে আসি গো ।।
আম গাছেতে নাইরে আম, কোটা কেন লাড়ো
তোমার আমার নাই পীরিতি, নয়ন কেন ঠারো গো ।।
তাল গাছেতে নাইরে তাল, পাতায় বসে টিয়া
পথের কাঙাল সাজিয়েছি, সকল তোমায় দিয়া গো ।।
গাঙ্গে আইলো নয়া রে পানি, ভাসিয়া যায় পানা
তুই বন্ধুর পীরিতির লাগি নাইয়র করলাম মানা গো ।।
বাড়ি ছাড়লাম ঘর ছাড়লাম, খাইলাম রে কুল ধুইয়া
জালাল কয় মোর মরণ হবে বুকেতে শেল লইয়া গো ।।
তথ্য
- জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী, ১০০/১১৯ আজিজ সুপার মার্কেট (দ্বিতীয় তলা), শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১২৮