গীতিকার: জালাল উদ্দিন খাঁ
শিরোনাম:আমারে কেউ চিনতে গেলে, সোজা রাস্তা হয় যে ব্যাকা
পর্যায়: আত্মতত্ত্ব
২
আমারে কেউ চিনতে গেলে, সোজা রাস্তা হয় যে ব্যাকা
বয়সে খোদ খোদার বড়, নামটি কিন্তু নীচে লেখা ।।
একং দশং শতং হাজার, চৌরাশি লাখের বাজার
সকল ঘরে দোকানদার, আমি মাত্র আছি একা ।।
দেখতে আমার মুখের হাসি, কত ব্যাটা জঙ্গলবাসী
লইয়াছে পিরীতের ফাঁসি, তবু নাহি পাইলো দেখা ।।
মুনশি আর মওলানা কাজী, আমি সবার নায়ের মাঝি
আমার সেফাত লেখতে আজি, অন্ত পায়না হাদীস ফেকা ।।
আমি রাখছি খোদার নাম, খোদায় করে আমার কাম
জালালে কয় সব বুঝিলাম, ভুল ভাঙিতেই বিষম ঠেকা ।।
তথ্য
- জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী, ১০০/১১৯ আজিজ সুপার মার্কেট (দ্বিতীয় তলা), শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১