গীতিকার: জালাল উদ্দিন খাঁ
শিরোনাম: আমি আমার ঘর বেধেছি তুমি তাতে বসত করো
পর্যায়:
৬৬৪
আমি আমার ঘর বেধেছি তুমি তাতে বসত করো
তোমার আগে আমি এলাম, ঠিক করিয়া হিসাব ধরো ।।
আমার এই যে ইহকালে, ঘরের যত মালামালে
তোমার হাতে জমা রাখলে, চোরের মতো বাঘে ভরো ।।
খোদা তুমি আস্ত চোর, পার হয়ে যাও সমুদ্দুর
আমারে কব্বরে দিয়া, কোন দেশেতে তুমি ঘোরো ?
তোমায় আমি চাইনি কভু, ইচ্ছা করে এলে তবু
এখন আচ্ছামতে হলাম কাবু, আমায় কেন ছলনা করো ?
করলে কতই ভোজের বাজি, আমি যে নাও, তুমি মাঝি
জালালে কয় মন বাবাজি, মৃত্যু এলে তুমিই মরো ।।
তথ্য
- জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী, ১০০/১১৯ আজিজ সুপার মার্কেট (দ্বিতীয় তলা), শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৪৩৩