গীতিকার: জালাল উদ্দিন খাঁ
শিরোনাম: আমি তোমার তুমি আমার, বান্ধা জীবন মরণে
পর্যায়: ভাটিয়ালি
১৯৬
আমি তোমার তুমি আমার, বান্ধা জীবন মরণে
ভুইলোনা রে সোনা বন্ধু, আমি অধমে ।।
তোমার আমার সরল পীরিতি রে বন্ধু, সরল পীরিতি
পাড়ার লোকে জানলে পরে ঘটবে দুর্গতি
গোপনে রাখিও পীরিত, লোকে যেন না শুনে ।।
তোমার লাগি কত দুঃখ সই রে বন্ধু, কত দুঃখ সই
লোক লাজের ভয়ে কারো কাছে নাহি কই
ঘরে আছে কাল ননদী, জানলে বধিবে পরাণে ।।
তোর লাগি কুলে দিলাম ছাইরে বন্ধু, কুলে দিলাম ছাই
জালাল বলে এই জগতে আর তো কেহই নাই
তোমার চরণ আশায় আছি জীবনে আর মরণে ।।
তথ্য
- জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী, ১০০/১১৯ আজিজ সুপার মার্কেট (দ্বিতীয় তলা), শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১২৯