গীতিকার: জালাল উদ্দিন খাঁ
শিরোনাম: আপন বলে দুনিয়াতে ভাবতেছো মন তুই কারে ?
পর্যায়: গুরুতত্ত্ব
২৯০
আপন বলে দুনিয়াতে ভাবতেছো মন তুই কারে ?
একাই শুধু যেতে লাগে, যাবি যেদিন ভবপাড়ে ।।
তেরো নদী সপ্ত সাগর, পাথর ভাসে জলের উপর
মধ্যে গরম বালুর চর, কাছে গেলেই ডাকাইতে মারে ।।
রাস্তা ঘাটের পাই পরিচয়, ঘোর অন্ধকার সব সময়
ফিরে এসে কেহই না কয়, কোথায় গিয়া কি করে ।।
দেখে যাও আজ বিশ্ববাসী, জানিনা আর কবে আসি
গলে বান্ধা যমের ফাঁসি, বুক ভাসিছে অশ্রুধারে ।।
জালালের এই ভাঙ্গা নায়, আর একজন পার হইতে চায়
সেই মানুষটি আছে কোথায়, ভাবুক বিনে জানে নারে ।।
তথ্য
- জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী, ১০০/১১৯ আজিজ সুপার মার্কেট (দ্বিতীয় তলা), শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১৯১