গীতিকার: জালাল উদ্দিন খাঁ
শিরোনাম: আর কিছু ধন চাইনা ভবে আনন্দে থাক আমার প্রাণ
পর্যায়: বাউল সুর
৫৬৭
আর কিছু ধন চাইনা ভবে আনন্দে থাক আমার প্রাণ
নিরানন্দই দোজখ হেথা, করে দেখছি অনুসন্ধান ।।
ভাগ্য সবের সঙ্গের সাথী, তারে নিয়াই জ্বলছে বাতি
কাজ করে খাই দিবারাতি, দিন যাইতেছে এক সমান
ন্যায়ের পথে সত্য টেনে, রাখছি শুধু এ জীবনে
মিছে কেন অকারণে মানবো এসব শাস্ত্র বিধান ?
কী কাজ দেখে কথা বলা, বের করিয়া লম্বা গলা
নিজের হাতে কানমলা খাবে, যাদের আছে জ্ঞান
লেখা ছেড়ে দেখা বিচার, করে নিলেই বুঝবে সার
ধর্মের উল্টা চলাই এবার আমার মতে ধর্ম বিধান ।।
কল্পনাতে জগত চলে, মানুষের এই বুদ্ধিবলে
পুড়বে যারা প্রেমানলে, সার করবে সে বন-শ্মশান
মনের মানুষ বানাইয়া, পড়ে থাক তারে লইয়া
জালাল উদ্দিন কয় ভাবিয়া, ছাড়িসনা তুই খোদার ধ্যান ।।
তথ্য
- জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী, ১০০/১১৯ আজিজ সুপার মার্কেট (দ্বিতীয় তলা), শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৩৭৩