গীতিকার: জালাল উদ্দিন খাঁ
শিরোনাম: এশকেতে আউলিয়া বন্দী দ্বীনিয়াতে পয়গম্বর
পর্যায়: লোকতত্ত্ব
৩৩৯
এশকেতে আউলিয়া বন্দী দ্বীনিয়াতে পয়গম্বর
তাইতো দেখি দুয়ের মাঝে ফারাক আছে বহুতর ।।
শান্তিমতে চলার পথে বলছে যারা পৃথিবীতে
পয়গম্বরি দরজা তাদের, মানুষের কাছে পায় আদর ।।
মজ্জুবে কয় আল্লা বিনে, নাই কিছু আর ত্রিভুবনে
পড়ে থাকে জঙ্গল বনে, ছেড়ে দিয়া বাড়িঘর ।।
প্রেমের দেশে ভাবের খেলা, ভাবেতে প্রেম হয় উতলা
নাম নিয়া তার আগুন জ্বালা, মানুষেতে বিশ্বাস কর ।।
এখান হইতে ছেড়ে গিয়া, অমরত্ব প্রাপ্ত হইয়া
ব্রহ্ম অণ্ডে দৃষ্টি লইয়া, ঘুরছে মানুষ নিরন্তর ।।
তথ্য
- জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী, ১০০/১১৯ আজিজ সুপার মার্কেট (দ্বিতীয় তলা), শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২২৬