গীতিকার: জালাল উদ্দিন খাঁ
শিরোনাম: বসন্ত বাতাসে ফুল ঝরে নূতন গাছতলে
পর্যায়: মাতৃতত্ত্ব
৩২৩
বসন্ত বাতাসে ফুল ঝরে নূতন গাছতলে
সাধু বিনে পায়না মধু, তারাই গিয়া ফুল তোলে ।।
ডালে যখন ধরে কলি, মনরঙ্গে আসে ওলি
ছেড়ে কলম কাগজ কালি, বসিতে হয় খুব নিরলে ।।
সে ফুল নয় সামান্য ধন, সাধনার পরশ রতন
মাতৃসিদ্ধি গুরুর চরণ, পঞ্চত্ব বিচার হলে ।।
যখন সে ফল ধরবে গাছে, থাকিতে হয় তাহার কাছে
নিত্য খাইলে মরা বাচে, পাইতে পারে লাভে মূলে ।।
আছে ফুলে দুই সিফত, শরীয়তের মধ্যে মারফত
আলিমে না দিবে সে মত, আউলিয়া যার অনুকূলে ।।
জালাল উদ্দীন কয়, তারে খুজে নিতে হয়
বুঝলে পরে গোপন বিষয়, মিলতে পারে ভাগ্যবলে ।।
তথ্য
- জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী, ১০০/১১৯ আজিজ সুপার মার্কেট (দ্বিতীয় তলা), শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২১৬