গীতিকার: জালাল উদ্দিন খাঁ
শিরোনাম: দেহ রাজ্য থুইয়ারে তুই হইলে আজ দীন ভিখারী
পর্যায়: দেহতত্ত্ব
৪৭৭
দেহ রাজ্য থুইয়ারে তুই হইলে আজ দীন ভিখারী
এর আদায় তহশিল করিয়া, নিলো দুষ্টগণে ব্যাভিচারী ।।
মায়া মদ অহংকারে, সদা রইলে তুই মত্ত
এইভাবেতে যাওয়ার পথে, ছলনার রাজত্ব
ঘরে থুইয়া পরমার্থ, ঘুরতে ঘুরতে দেশান্তরী ।।
গোবিন্দ হাতে রয় আর বাহুতে বলরাম
জগন্নাথে সহস্রদল লইয়া চালায় কাম
না লইয়া মালিকের নাম, জীবন নদে ধরলিরে পাড়ি ।।
নাভিতে নারায়ণ রহে, লিঙ্গেতে শিব থাকে
গুহ্যমূলে কুণ্ডলিনী গেলো ঘুরে ফাঁকে
শক্তি লইয়া যারা ডাকে, কেটে যায় তার মায়া বেড়ি ।।
পরব্রহ্ম নামেতে যিনি ব্যাপীয়া সংসার
মন রাজার উপরেতে রাখছে অধিকার
চিনগে জালাল স্বদেশ তোমার, এই দেশের মায়া ছাড়ি ।।
তথ্য
- জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী, ১০০/১১৯ আজিজ সুপার মার্কেট (দ্বিতীয় তলা), শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৩০৯