গীতিকার: জালাল উদ্দিন খাঁ
শিরোনাম: দেখবে যদি তোরা আয়
পর্যায়: দেহতত্ত্ব
৭৪
দেখবে যদি তোরা আয়
রং বেরঙের ফুল ফুটেছে প্রেমের বাগিচায় ।।
ডাইনে আল্লা বামে রছুল, মাঝখানে ফুটেছে ফুল
সেই ফুলেতে দিবানিশি গুঞ্জরে প্রাণ ভোমরায় ।।
লাহুত মুলকুতের ঘরে, নাছুত জবরুত পরে
চার ফেরেশতা বিরাজ করে, ছিয়া ছফেদ লাল জরদায় ।।
গলার মধ্যে পুলছেরাত, বাঁকা নদী আবে হায়াত
পার হলে সেই জলপ্রপাত, অমর হবে দুনিয়ায় ।।
হও যদি বাগানের মালী, লওগে রে কলঙ্কের ডালি
জালাল উদ্দিন ঘুরছে খালি, চোখ বান্ধা বলদের প্রায় ।।
তথ্য
- জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী, ১০০/১১৯ আজিজ সুপার মার্কেট (দ্বিতীয় তলা), শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৪৬