গীতিকার: জালাল উদ্দিন খাঁ
শিরোনাম: দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না
পর্যায়: গুরুতত্ত্ব
২৮৪
দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না
এই চৌদ্দ ভুবনে আমার মুর্শিদ মওলানা ।।
মোহন মুরতি বাবার, দেখলে পরে ঘোচে আঁধার
আরশ কুরসি সাগর পাহাড়, দেখবার বাকী থাকেনা ।।
যিশু দেখে খ্রিস্টানেরা, ভাবে জিন-দেব জৈনেরা
হিন্দু ভাবে মদনমোহন শ্রীনন্দের কেলে সোনা ।।
এশক ভাবে রাখিলে প্রাণ, পানি হয়ে যায় পাষাণ
নূরেরই তাজাল্লি শান, করিয়া দেয় দিল ফানা ।।
বাহিরেতে পীরের ছবি, ভিতরে সেই নূরের নবী
ধ্যানের দেশে আল্লা হবি, জালাল কয় ডুবে দেখনা ।।
তথ্য
- জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী, ১০০/১১৯ আজিজ সুপার মার্কেট (দ্বিতীয় তলা), শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১৮৮