গীতিকার: জালাল উদ্দিন খাঁ
শিরোনাম: জানিনা বুঝিনা কিছু আমি হইলাম কেমনে
পর্যায়: বাউল সুর
৫৩৭
জানিনা বুঝিনা কিছু আমি হইলাম কেমনে
এই দেহটি হইবার আগে, ছিলাম তখন কোনখানে ।।
ঐ যে বাতাস আসে যায়, জীবন বদ্ধ তার ক্ষমতায়
মরা দেহ কেউ নাহি চায়, লইয়া চলে শ্মশানে
যে বাতাসে পাতা নড়ে, তাই কি আসলো জীবের ঘরে
যদি কেহ বলে মোরে, বিশ্বাস একটু হয়না প্রাণে ।।
সমুদ্রে ডাকিলে বান, বাড়ি ভাঙ্গে ঝড় তুফান
সে সব নয় মানুষের প্রাণ, বুঝিতেছি অনুমানে
গরমে হয় তার উৎপত্তি, ধরে নেয় প্রচণ্ড গতি
গাছপালা শতাশতি, ভেঙ্গে যায় গহন বনে ।।
আমি হইলাম কোন বাতাস, নিঃশ্বাসের নাহি বিশ্বাস
রাত্রদিবা নাই অবকাশ, কেবল উপরে নীচেই টানে
কি জন্য এই টানাটানি, সেই কথাটি বলো শুনি
জালালে কয় তত্বজ্ঞানী ঠেকলো কত এইখানে ।।
তথ্য
- জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী, ১০০/১১৯ আজিজ সুপার মার্কেট (দ্বিতীয় তলা), শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৩৫৩