গীতিকার: জালাল উদ্দিন খাঁ
শিরোনাম: জীবনে না দেখা দিলে, মরণে যেন পাই তোমায়
পর্যায়: বিরহতত্ত্ব
১৮০
জীবনে না দেখা দিলে, মরণে যেন পাই তোমায়
হায়রে কলিজায়, কত বা সহিবো বিচ্ছেদের জ্বালা ।।
বন্ধুরে, মুই দুঃখিনীর কপাল মন্দ, অঙ্গে রইলো বিয়ার গন্ধ
শিশুকালে দাগা দিয়ে গিয়েছো কোথায়
কানতে কানতে সেই অবধি, ভাসাইলাম কত নদী
সেসব কথা মনে হলে আগুন জ্বলে গায়, হায়রে কলিজায় ।।
বন্ধুরে, জাতি কূল যৌবন নিলে, ভাই বান্ধব ছাড়াইলে
পাগল বলে দুনিয়াতে, লোকে মন্দ গায়
দেও দুঃখ যা আছে মনে, সহিতেছি নিরজনে
প্রেমিকা বলিয়ে নাম লেখিও খাতায়, হায়রে কলিজায় ।।
তথ্য
- জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী, ১০০/১১৯ আজিজ সুপার মার্কেট (দ্বিতীয় তলা), শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১১৯