গীতিকার: জালাল উদ্দিন খাঁ
শিরোনাম: জগতে মানুষ মরে চিরতরে
পর্যায়: বাউল সুর
৬১৭
জগতে মানুষ মরে চিরতরে
কেউ না কোথায় বিরাজ করে ।।
দুঃখ কেন করবে মিছে, আগে পিছে
মরণ আছে সবের তরে
হেথায় যারা যায়গো তারা, হয়না হারা
কায়া ছেড়ে ছায়া ধরে ।।
জন্ম হলেই মরতে হবে, হায়গো তবে
কান্দন কেন ঘরে ঘরে
কাঁদিলে সে পায় যন্ত্রণা, ভালো কয়না
মায়ার টানে পুড়ে মরে ।।
মোহ মায়ায় নাচা হাসা, ভালবাসা
কোলাকুলি পরস্পরে
যখন যাহার আসবে পালা, বিষম জ্বালা
বুক ভেসে যায় অশ্রুধারে ।।
সময় থাকতে তারে ডাক, স্মরণ রাখ
পাপীর ভিটায় ঘুঘু চরে
জালালে কয় সমজে চল, সত্য বল
বাহির ভিতর পরিস্কারে ।।
তথ্য
- জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী, ১০০/১১৯ আজিজ সুপার মার্কেট (দ্বিতীয় তলা), শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৪০৩