গীতিকার: জালাল উদ্দিন খাঁ
শিরোনাম: জন্ম মরণ বুঝতে পারে এমন সাধ্য আছে কার
পর্যায়: সৃষ্টিতত্ত্ব
২৬৮
জন্ম মরণ বুঝতে পারে এমন সাধ্য আছে কার
করলে পরে মরা সাধন, জানতে পারো সেই বিচার ।।
ধরাতে মরা হইয়া, সংসারে স্বরুপ দেখাইয়া
অরুপের রুপ মিশাও গিয়া, দুগ্ধের মধ্যে ঘৃত সার ।।
লাল রঙ্গে ওঠে ফেনা, লোভী কামীর যেতে মানা
আগুনের কারখানা, জ্যোতির্ময়, কী চমৎকার ।।
বিরজায় নীলকান্তমণি, পরশে হয় সরস ধ্বনি
পাগল হয়ে ওঠে প্রাণী, ধৈর্য্য রাখা বড়ই ভার ।।
একটি রুপ দুই ভাগ হইয়া, দুই ছুরতে যায় মিশিয়া
জলের মধ্যে ফল ধরিয়া, মধ্যে রয় মানুষ আকার ।।
জালাল উদ্দীন কর্মদোষে, থাকতে নাহি পারলো হুশে
কলঙ্ক জগতে ঘোষে, জাতি কূল গিয়াছে তার ।।
তথ্য
- জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী, ১০০/১১৯ আজিজ সুপার মার্কেট (দ্বিতীয় তলা), শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১৭৭