গীতিকার: জালাল উদ্দিন খাঁ
শিরোনাম: খুজলে না মন তারে-
পর্যায়: মারফতি
৫১৪
খুজলে না মন তারে-
আশার আশে দিন গিয়াছে, খুজলে দেখা দিত তোরে ।।
হাওয়াতে লাগাইয়া ডুরি, উড়াইছে রঙ্গিলা ঘুড়ি
বসিয়া মথুরা পুরী টানাটানি করে
নামটি লেখা আছে তাহার, মাত্র দুই অক্ষরে
উড়ে পড়ে জীবন ভরে, দেখ গিয়া বরজক পাহাড়ে ।।
সকল রাস্তা করে বন্ধ, বস গিয়া গোয়ালন্দ
চিত্তরঞ্জন প্রেমানন্দ আসা যাওয়া করে
নাগাল পাইলে মনের বলে, বান্ধো শক্ত ডোরে
রাখো তুষ্ট, না দেও কষ্ট, বান্ধিয়া দমের কোটরে ।।
সহজে মিলিবে তারে, থাকো যদি শান্তিপুরে
অশান্তি যাইবে দূরে, একটি বৎসর পরে
তিনশত ষাইট দিনে বৎসর হিসাব ধরে
আছে একদিন খুব শুভদিন, আপ সুরতে দেখা করে ।।
শরীয়তে কয় এই ভরসা, রসুলের চরণ আশা
নামাজ রোজায় করো নিশা, তরবে রে হাশরে
মারফতে কয় নয় কিছু নয়, মায়ের চরণ ধরে
কামে প্রেমে যোগ মিলাইয়া, ডুব দেওগো সেই সমুদ্দুরে ।।
জালালের মনে ব্যাথা, বলতে গেলে তত্বকথা
শরীয়তে ভাঙ্গে মাথা, মরিগো সেই ডরে
লোকের মন্দ কূল কলঙ্ক, সব দিয়াছি দূরে
আছি বাঁধা, সাদাসিধা শরীয়তের আওতা ছেড়ে ।।
তথ্য
- জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী, ১০০/১১৯ আজিজ সুপার মার্কেট (দ্বিতীয় তলা), শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৩৩৪