গীতিকার: জালাল উদ্দিন খাঁ
শিরোনাম: কী ছুরত বানাইলে খোদা,
পর্যায়: পরমতত্ত্ব
১৫
কী ছুরত বানাইলে খোদা, রূপ মিশায়ে আপনার
এই ছুরত দোজখে যাবে, যে বলে সে গোনাগার ।।
মানব সুরতের মাঝে, তুমিই আছো তোমার কাজে
আদম বানাইলে কি বনলে তুমি, লীলা বোঝা হলো ভার ।।
মানব দেহেতে খোদা, দম থাকতে না হবে জুদা
কেবা আদম, কেবা খোদা, কে করিবে কার বিচার ?
দেখিলাম দুনিয়া ঘুরে, দুই সুরত এক মিল না পড়ে
লক্ষ কোটি আকার ধরে, সাজিলে তুই নিরাকার ।।
এত রুপ যে ধরতে পারে, তোমরা কী বলো গো তারে
হয় কি না হয় এই আকারে, বেহদ রুপে আপনার ।।
যে ডুবছে ঐ রুপের শানে, কালির লেখা আর কি মানে
জালাল উদ্দিন এ জীবনে, সার বুঝেছে এক আকার ।।
তথ্য
- জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী, ১০০/১১৯ আজিজ সুপার মার্কেট (দ্বিতীয় তলা), শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৯