গীতিকার: জালাল উদ্দিন খাঁ
শিরোনাম: কোথায় বা লুকাইয়া রইলে ফেলে মোরে দুঃখানলে
পর্যায়: বিরহতত্ত্ব
৩৬৯
কোথায় বা লুকাইয়া রইলে ফেলে মোরে দুঃখানলে
সারা জীবন কাঁদাইলে, আজ আসবে কাল আসবে বলে ।।
দুদিনের দায় সুখসাগরে কেন আমায় ভাসাইয়া
সারা জীবন এমনি করে মারবে বুঝি কাঁদাইয়া
বনপোড়া হরিণের মতো, নিশিদিনে অবিরত
ঘাটে মাঠে ঘুরছি কত, জ্ঞানহারা পাগলের হালে ।।
সময় আমার নাই বেশী আর, মরণ অতি নিকটে
কার কাছে কি বলে যাবো, আপন নাই এ ভবের হাটে
আছি শুধু তোমার আশায়, পদধূলি দিয়ে মাথায়
যেতে দেওগো সোজা রাস্তায়, আঁধার পথে আলোক জ্বেলে ।।
তথ্য
- জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী, ১০০/১১৯ আজিজ সুপার মার্কেট (দ্বিতীয় তলা), শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২৪৪