গীতিকার: জালাল উদ্দিন খাঁ
শিরোনাম: মানুষে মানুষ আছে, পাপী তাপী সবার কাছে
পর্যায়: গুরুতত্ত্ব
১২০
মানুষে মানুষ আছে, পাপী তাপী সবার কাছে
প্রেমিক নইলে চিনবে কীসে, প্রেমের মহাজন ।।
মানুষের ছুরত, তার মধ্যে কুদরত
সেই জন্য ভজিতে হয় মানুষের চরণ
বেদ কোরাণে পাই, সে বিনে ভরসা নাই
তাহাতে ভাবনা করো সাঁই নিরঞ্জন ।।
ভেবে দেখ বিচারে, ফেরেশতায় সেজদা করে
করিবে অনন্তকাল, সৃষ্টি যতক্ষণ
হয়েছে নাফরমান, মোকরুম শয়তান
মানুষরুপে পেরেশান, জালালের মন ।।
তথ্য
- জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী, ১০০/১১৯ আজিজ সুপার মার্কেট (দ্বিতীয় তলা), শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৭৯