গীতিকার: জালাল উদ্দিন খাঁ
শিরোনাম: মাটির দেহ খাটি কর,
পর্যায়: দেহতত্ত্ব
৬৮
মাটির দেহ খাটি কর, খোলে তোমার দিল কোরাণ
বাড়ি জমির হিসাব নিবে, সাক্ষ্য দিচ্ছে বেদ পুরাণ ।।
আমি শব্দে কে বা হয়, নিঃশব্দে কি কথা কয়
যম কোথায় রসে রয়, কই বা থাকে পঞ্চপ্রাণ
গুরুর সঙ্গ স্বভাব নিয়া, নিগূঢ় তত্ব লও খুজিয়া
বিশ্ববিজ্ঞান পাঠ করিয়া, সকলকেই দেখো সমান ।।
বেছে নিয়ে মন্দের ভাগ, শ্রদ্ধা ভক্তি অনুরাগ
হিংসা নিন্দা পরিত্যাগ করলে আটক মদন বান
অনন্তে মিশিবে তবে, আর না আসিবে ভবে
সঙ্গীরা সব বাধ্য হবে, ভাটি ছেড়ে যাবে উজান ।।
কাচা মাটি পুড়ছে যারা, সিদ্ধ পুরুষ ভবে তারা
জীবন থাকতে গেছে মারা, স্বর্গ নরক এক সমান
ভয় থাকেনা তার অন্তরে, ডুব দেওগে প্রেমসাগরে
পাথরে কি ঘুণে ধরে ? জালাল উদ্দিন কথা মান ।।
তথ্য
- জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী, ১০০/১১৯ আজিজ সুপার মার্কেট (দ্বিতীয় তলা), শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৪২