গীতিকার: জালাল উদ্দিন খাঁ
শিরোনাম: মায়ের সনে পারলামনা আর কোনো কৌশলে
পর্যায়: মাতৃতত্ত্ব
৩৩০
মায়ের সনে পারলামনা আর কোনো কৌশলে
দিনে দিনে শক্ত করে বাধিতেছে মায়াজালে ।।
হায় কি খেলা রসময়, খেলতে সদা ইচ্ছা হয়
সাথী হলো রিপু ছয়, যেতেছি তাই পথ ভুলে ।।
বিশ্ব মায়ের একই ছবি, আঁধারে উজ্জলে রবি
হাতে দিয়া নকল ছবি, ভবকূপে দিচ্ছে ফেলে ।।
পাড়ে উঠতে আশা করি, উঠিতে পড়িয়া মরি
বিপদকালে পাইনা তরী, ভেসে থাকি অকূলে ।।
এই না রঙ্গলীলার ফেরে, রাত্রদিবা জালাল ঘোরে
দিন ফুরায়ে এক দুই করে, চললো শুধু রসাতলে ।।
তথ্য
- জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী, ১০০/১১৯ আজিজ সুপার মার্কেট (দ্বিতীয় তলা), শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২২০