গীতিকার: জালাল উদ্দিন খাঁ
শিরোনাম: মন বেহুদা খোদা বলে ডাকছো কারে
পর্যায়: আত্মতত্ত্ব
২১০
মন বেহুদা খোদা বলে ডাকছো কারে
খুদি ছেড়ে খোদা হয়না, ফুলে হয় ফল যে প্রকারে ।।
ফল শাখা পত্র ফুল, চারযোগে এই তরুকুল
যার তার জাতি প্রকৃতি মূল, নিজকে নিজে চিনলে নারে ।।
চার যুগেতে নিরঞ্জনে, মিশিয়া চার রঙ্গের সনে
রঙ্গে রঙ্গে রয় গোপনে, এ বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে ।।
রবি হইতে হইলো শশী, প্রকাশিতে দিবানিশি
পৃথিবী পড়িলো খসি, আলোকে আর অন্ধকারে ।।
মিষ্টি লুকায় চিনিতে, পারলামনা তাই চিনিতে
খণ্ডভাব এই পৃথিবীতে, গোল বাধাইলো ঘরে ঘরে ।।
যে সময় আর কেউ ছিলোনা, কে জানে তার ঠিক ঠিকানা
জালাল কহে আর খুজিস না, সমুজ নে তোর আপনারে ।।
তথ্য
- জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী, ১০০/১১৯ আজিজ সুপার মার্কেট (দ্বিতীয় তলা), শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১৩৯