গীতিকার: জালাল উদ্দিন খাঁ
শিরোনাম: মন তুই ধরবি যদি পাড়ি-
পর্যায়: সংসারতত্ত্ব
৩০৫
মন তুই ধরবি যদি পাড়ি-
ওজন করে জিনিষ ভরে দেশে চল মন-বেপারী ।।
এনেছিলে রত্ন সোনা, ব্যাপার করিতে দোনা
হারাইলে চৌদ্দ আনা, এসে মায়াপুরী
ছয় ডাকাইতে সঙ্গে থেকে করে গেলো চুরি
নেশার ঝোকে মত্ত হইয়া, দেখাইলেরে বাহাদূরী ।।
একশত পঁচিশের ওজন, দিয়েছিলো সাঁই মহাজন
বিকাইতেছে ষাইটে এখন, হইয়ারে সংসারী
হিসাব ছাড়া মাপ দিলে তুই, হাতে রেখে দাড়ি
পেয়াদা এসে করবে বন্ধন, গলেতে লাগাইয়া দড়ি ।।
রুপগঞ্জের বাজারে এসে, দিন গেলো তোর লোভের আশে
অসময়ে গুরুর নামটি, এই সে লজ্জায় মরি
কৃপা করে দেয় যদি সে দুটো চরণ তরী
জালাল উদ্দীন যেতে পারবে, কাটিয়া তার মায়া বেড়ী ।।
তথ্য
- জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী, ১০০/১১৯ আজিজ সুপার মার্কেট (দ্বিতীয় তলা), শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২০২