গীতিকার: জালাল উদ্দিন খাঁ
শিরোনাম: মনের আশা মনে লইয়া জ্বলে পুড়ে হইলাম ছাই
পর্যায়: ভাটিয়ালি
৪২৭
মনের আশা মনে লইয়া জ্বলে পুড়ে হইলাম ছাই
বিধি সেই বেদনা জানে, অন্যে জানে নাই ।।
আমারই অন্তরের দুঃখ, কইতে গেলে ফাটে বুক
লোকের কাছে যাইনা কভু, লইয়া পোড়ামুখ
রাখতে আছি হৃদমাঝারে, কইবো দুঃখ কারও ঠাই ।।
আমি নারী অবলা, সহিলাম যৌবনের জ্বালা
কালার লাগি কানতে কানতে শরীর হইলো কালা
কী ফল হবে যৌবন গেলে, যদি বন্ধের দেখা পাই ।।
জালালের পাগলা মন, রইলো সদা উচাটন
অন্তিমকালে পাই যদি তার রাঙা দুই চরণ
তাতেই প্রাণে শান্তি নিবো, শেষ কথা বলিয়া যাই ।।
তথ্য
- জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী, ১০০/১১৯ আজিজ সুপার মার্কেট (দ্বিতীয় তলা), শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২৭৫