গীতিকার: জালাল উদ্দিন খাঁ
শিরোনাম: নামের মধু খাইলে পরে জীবন ভরে
পর্যায়:
৬৬২
নামের মধু খাইলে পরে জীবন ভরে
নাও ভাসিবে অকূল জলে ।।
তরী নাহি যাবে মারা, ভবে যারা
ধরছে এঁটে নামের গলে
শমন এলে দেয় ফিরাইয়া, বৈঠা বাইয়া
চলে যায় তার মায়ের কোলে ।।
উড়ে পড়ে হাওয়ার ঘোরে, হৃদয়পুরে
নিজের নামটি নিজে বলে
নিদ্রা আর জাগন্তে গায়, বৃক্ষ লতায়
ভুল পড়েনা কোনোকালে ।।
আপনি যাহার বাজলো বাঁশি, গয়া কাশী
পড়ে রয় তার পায়ের তলে
কপালে তার চন্দ্র উঠে ফুলটি ফুটে
অন্তরঙ্গে হৃদ কমলে
যে পাইয়াছে পরশমণি, সোনার খনি
চক্ষে তাহার আগুন জ্বলে
জালালে কয় সব সিদ্ধ হয়
মুখে যখন যাহাই বলে ।।

তথ্য