গীতিকার: জালাল উদ্দিন খাঁ
শিরোনাম: নিকটের বন্ধু তুমি, তোমার মত নাই আপন
পর্যায়: নিগূঢ়তত্ত্ব
৩২
নিকটের বন্ধু তুমি, তোমার মত নাই আপন
ভুলে পড়ে ভুলে গেছি, স্মরণ হয়না জন্ম মরণ ।।
তোমার মত এত কাছে, পৃথিবীতে কেউ না আছে
আছাড় খেয়ে শিশু বাঁচে, দেখে অবাক হই তখন ।।
নিশ্বাসের বায়ু যত, কিনে যদি আনতে হত
ধনরত্নে না কুলাইতো, এমন সস্তা নাই কোনো ধন ।।
তুমি তাতে আছো বলে, মহাপ্রাপ্য করে দিলে
বিচার করলে জগৎমূলে, হয়না যে তার মূল পূরণ ।।
জানিনা কোন মায়ায় পড়ে, রাখলে এত আদর করে
বিনিময়ে কি দেই তোরে, কাদতেছে জালালের মন ।।
তথ্য
- জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী, ১০০/১১৯ আজিজ সুপার মার্কেট (দ্বিতীয় তলা), শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২১