গীতিকার: জালাল উদ্দিন খাঁ
শিরোনাম: অনেক দিনের পাগল আমি
পর্যায়: আত্মতত্ত্ব
৮
অনেক দিনের পাগল আমি, ঘুরে বেড়াই তার তালাশে
শতকে একটা সত্য কথা, শুনলে আবার মরায় হাসে ।।
হাটি পিছন দিকে চাইয়ে, শুকনাতে যাই তরী বাইয়ে ।
পেট ভরে তিনবেলা খাইয়ে, দিনটা কাটাই উপবাসে ।।
রাজা বাদশা উজির নাজির, সবাই মোর খেদমতে হাজির
জরু-লাড়কা মন বাবাজির, তখতো আমার জলে ভাসে ।।
দালানকোঠায় মানুষ নাই, বনজঙ্গলে গেছে সবাই
পুড়ে যদি হইতাম ছাই, উড়ে যাইতাম ঐ আকাশে ।।
দুনিয়ার সব আমার গড়া, পৃথিবী মোর পেটে ভরা
মরবো বলে জেতা মরা, গোর খুদতেছি বাতাসে ।।
জালালে কয় ওরে বেটা, তোর মতো আর ভালো কেটা
চিনতে লাগে বিষম ল্যাঠা, কেবলমাত্র অবিশ্বাসে ।।
তথ্য
- জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী, ১০০/১১৯ আজিজ সুপার মার্কেট (দ্বিতীয় তলা), শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৫