গীতিকার: জালাল উদ্দিন খাঁ
শিরোনাম: পাপে তোমার দুনিয়াই ঘেরা পাপ ছবি তাই এঁকেছি
পর্যায়: মারফতি
৫২৩
পাপে তোমার দুনিয়াই ঘেরা পাপ ছবি তাই এঁকেছি
মাফ করিবে বলে খোদা, এইবার তোমায় ডেকেছি ।।
একা আমি আসিনাই আর, তুমিও সঙ্গে এসেছো
সারাজীবন কতই করে, ভালো আমায় বেসেছো
ধরা দিয়ে প্রাণে আছো, সবেই মনে রেখেছি ।।
পাপের যত দোকান পাতা, পাপেরই সব কারখানা
স্বার্থের মাঝে পাপ রয়েছে, নইলে সংসার চলেনা
কি করি তাই পথ দেখিনা, দিশেহারা হয়েছি ।।
সময়েতে স্বভাব টানে, সবেই তোমার হাতের দান
যেমনি যখন বাজাইলে, তেমনি ভাবে গাইলাম গান
আকূল হয়ে উঠেছে প্রাণ, বিষম দায়ে ঠেকেছি ।।
জন্ম দিয়াই সঙ্গে পাঠাও, আজলের এই অভিশাপ
খেয়ালের বশে জালাল শেষে, করে যদি কোনো পাপ
তাও তুমি করবেনা মাফ, বাপরে বাপ, গোলক ধাধায় পড়েছি ।।
তথ্য
- জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী, ১০০/১১৯ আজিজ সুপার মার্কেট (দ্বিতীয় তলা), শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৩৪০