গীতিকার: জালাল উদ্দিন খাঁ
শিরোনাম: প্রেম করিয়া নষ্ট হইলো, নূতন ফুলের কলিরে, বাগানের মালী
পর্যায়: বিরহতত্ত্ব
১৮১
প্রেম করিয়া নষ্ট হইলো, নূতন ফুলের কলিরে, বাগানের মালী
পীরিতের আগুনে হইলাম পোড়া ছালি ।।
বন্ধুরে, টাটকা ফুলের মধুর আশে, কাল ভোমর কতই বসে
তুমি রইলা পরবাসে, আমারে ভুলি
ফুল শুকায়ে ঝরে পড়ে, নিতে দেইনা অন্য কারে
কলিজা অঙ্গার হইলো, কার কাছে বলিরে, বাগানের মালী ।।
বন্ধুরে, তোমার প্রেমে হইয়া মত্ত, পেতেছি যন্ত্রণা কত
কত লোকে করিতেছে কতই গালাগালি
এই কি তোমার প্রেমধারা, জিয়ন্তে হইয়াছি মরা
যাচিয়া কৌটার ধন করিলাম খালিরে, বাগানের মালী ।।
তথ্য
- জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী, ১০০/১১৯ আজিজ সুপার মার্কেট (দ্বিতীয় তলা), শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১২০