গীতিকার: জালাল উদ্দিন খাঁ
শিরোনাম: শোনা স্বর্গ শুনতে শোনায় আছে অনেক দূরেতে
পর্যায়:
৫৮৪
শোনা স্বর্গ শুনতে শোনায় আছে অনেক দূরেতে
দেখা স্বর্গ ভোগ করে যাও, অন্তরে জ্বালাইয়া বাতি ।।
পীর দেওয়ানা আগা ফকীর, কোথায় গেলো আজ তারা
সেকান্দর শা জগৎ জয়ী, কারো নাহি শব্দ সাড়া
মিশে গেছে মাটির সনে, আসবেনা আর ত্রিভুবনে
এই দুনিয়ার সকল জনে, হয়ে যাবে একই গতি ।।
পৃথিবীতে কয়েকটা দিন, যাহা তোমার সামনে রয়
শান্তি দয়া ভিক্ষা মাগো, ভক্তচিত্তে পাছের ভয়
পরকালের ভাবনা লয়ে, সশঙ্কিত সব সময়ে
থাকতে থাকো সত্য হয়ে, নিষ্ঠা ভাবে রেখে মতি ।।
বুক ভরে নেও ভালবাসা, আছো জালাল যাহাতে
মনের মধ্যে লাই খেলে সাঁই, বসিয়া যে দিনরাতে
সকল সিদ্ধ সাধু লোকে, স্বর্গ নরক এই দুইটাকে
পৃথিবীতে আনছে ডেকে, যেখানে রয় যার বসতি ।।
তথ্য
- জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী, ১০০/১১৯ আজিজ সুপার মার্কেট (দ্বিতীয় তলা), শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৩৮৩