গীতিকার: জালাল উদ্দিন খাঁ
শিরোনাম: সত্য মানুষ বলবে তারে
পর্যায়:
৬৬৭
সত্য মানুষ বলবে তারে
ঘর ফেলিয়া দূরে দিয়া, ঘুরে আবার আসতে পারে ।।
দমের কোঠায় চাবি দিয়া, হেস্তিকে নেস্তি করিয়া
ফানা হালে চলে গিয়া বরজক সহরে
নিজের মুরত সামনে ভাসাও, শ্রীকলা নগরে
হুশ রাখিয়া কথা কইলে উত্তর পাইবে তোর ভিতরে ।।
উপর তলায় মানুষ থাকে, ত্রিবেণীর উজান বাঁকে
দম সামর্থ্যে ছবি আঁকে, হৃদয় পিঞ্জরে
সেই ছবিকে সামনে নিয়া, যদি থাকো পড়ে
ডাক দিলে সে সামনে আসবে, চাও যতদিন ভক্তি ভরে ।।
যেরুপ ভাসে দর্পনেতে, সেই রুপ সকল হৃদয়েতে
জাগ্রত হয় কুম্ভকেতে, দম আটকাইলে পরে
সেই রুপের সাধনা করলে যাবে অমর পুরে
জালালে কয় পাইতে হলে মুঠোর কিছু পাবি নারে ।।
তথ্য
- জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী, ১০০/১১৯ আজিজ সুপার মার্কেট (দ্বিতীয় তলা), শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৪৩৪