গীতিকার: জালাল উদ্দিন খাঁ
শিরোনাম: শুকাইলো কমলের কলি (নতুন গাছের ডালে)
পর্যায়: ভাটিয়ালি
৩৯৩
শুকাইলো কমলের কলি (নতুন গাছের ডালে)
পিয়ার লাগি শরীর কালের ভাসি নয়ন জলে
সবাই দেখে বন্ধুয়ার মুখ, নাই আমার কপালে গো সই ।।
কোকিল ডাকে পিউ পিউ, বুলবুল নাচে ডালে
মনের দুঃখ মনে রইলো, ঐ বসন্তের কালে গো সই ।।
বুকের জ্বালা বুকে রইলো, অঙ্গ যায়রে জ্বলে
পোড়া দেহ জুড়াইতাম, প্রাণবন্ধু আসিলে গো সই ।।
জালাল উদ্দিন আর কতকাল কাঁদিবে নিরলে
আনিয়া দেখাইও তারে, মরণেরই কালে গো সই ।।
তথ্য
- জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী, ১০০/১১৯ আজিজ সুপার মার্কেট (দ্বিতীয় তলা), শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২৫৭