গীতিকার: জালাল উদ্দিন খাঁ
শিরোনাম: টাকা কলির পরম ধর্ম, টাকাতে সকল কর্ম
পর্যায়: দেশতত্ত্ব
১৫৯
টাকা কলির পরম ধর্ম, টাকাতে সকল কর্ম
টাকা বিনে কোনো কর্ম নাহি করা যায়
যার ঘরে টাকা আছে, লক্ষী বান্ধা তার কাছে
রঙ্গেতে রমণীর কাছে, বসে দিন কাটায়
পেয়ে লোকের ভালবাসা, পূর্ণ হয় মনের আশা
দালান কোঠায় বাধে বাসা, ফুলের শয্যায় ।।
ধনীর কাছে কাঙাল গেলে, কথা কয়না আঁখি মেলে
তাদের কথা তারাই বলে, আড়ে আড়ে চায়
পুছেনা কাঙালের কথা, কেন এলে, যাবে কোথা
পেয়ে শেষে মনে ব্যাথা, গৃহে চলে যায় ।।
জালালের বাণী, শোনরে ভাই ধনী
কেন তোমরা এমন করো দু চারদিনের দায়
ভাঙ্গে আর গড়ে হাসাইলে কাঁদাতে পারে
চলিতে হয় বিধির বরে এই দুনিয়ায় ।।
তথ্য
- জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী, ১০০/১১৯ আজিজ সুপার মার্কেট (দ্বিতীয় তলা), শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১০৫