গীতিকার: জালাল উদ্দিন খাঁ
শিরোনাম: তারে ধরবো আমি কীসে
পর্যায়: সাধনতত্ত্ব
২৮২
তারে ধরবো আমি কীসে
দিবানিশি ঘুরে যেজন, তিলেকমাত্র রয়না বসে ।।
আমি তারে কতই খুজি, সে চলে যায় সোজাসুজি
বাহিরে নয় মাঝামাঝি, অন্তরে মহাদেশে
মনের চাপে হৃদয় কাপে, সমুদ্র যায় শুষে
রস নাই মানুষে, বাস করছে, ভাবে ডুবে কাঁদে হাসে ।।
দিন যেতেছে বড়ই দুঃখে, কেউ কারে দেখিনা চোখে
কাঁদিছে দুনিয়ার লোকে, বিরহ নিঃশ্বাসে
কুল মান লজ্জা ভয়, সব গেলো আজ ভেসে
নকশাখানি হাতে রাখি, একদিন তারে পাওয়ার আশে ।।
শুনেছি সে ভক্তের কাছে, রয় চিরদিন কথার বসে
কী ভক্তি করিবে জালাল, অস্থির বিশ্বাসে
উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঘুরাইয়া নিমেষে
আকাশে এক ঠ্যাং রাখিয়া, উকি দেয় মোর ঘরে এসে ।।
তথ্য
- জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী, ১০০/১১৯ আজিজ সুপার মার্কেট (দ্বিতীয় তলা), শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১৮৫