গীতিকার: জালাল উদ্দিন খাঁ
শিরোনাম: তাওয়াজ হাসিল করে, পীরের চরণ ধরে
পর্যায়: গুরুতত্ত্ব
১২২
তাওয়াজ হাসিল করে, পীরের চরণ ধরে
ধ্যানে দিদারে মজলেনারে মন ।।
জাহেরা পীরের ছুরতে, থাকলে আছে জগতে
না থাকিলে নাই কিন্তু, বিশ্বাসের কারণ
বিশ্বাস বিহনে, হবেনা এ জীবনে
রয়ে সয়ে থাকলে শেষে, পাবে দরশন ।।
পীর ছুরতে চাহিলে, এশকেতে মজিলে
সেই ছুরত বদলে হবে নবীর গঠন
সেই নবীর নূরে, সর্ব অঙ্গ জুড়ে
হইয়া যাবে তব দিলেতে রৌশন ।।
যদি সে নূর মিলে, তালা কুঞ্জি যায় খুলে
ফানাফিল্লার হালে ভুলিবে আপন
জালাল উদ্দিন বলে, নিজে নেস্তি হইলে
আপনার ছুরতে শেষে দেখরে নিরঞ্জন ।।
তথ্য
- জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী, ১০০/১১৯ আজিজ সুপার মার্কেট (দ্বিতীয় তলা), শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৮০