গীতিকার: জালাল উদ্দিন খাঁ
শিরোনাম: ত্রিবেণীর ঘাটে রে মন বসে একজন
পর্যায়: দেহতত্ত্ব
৭১
ত্রিবেণীর ঘাটে রে মন বসে একজন
বাজায় একটি ভাবের বাঁশি ।।
মোহন বাঁশি শুনতে মধুর, বড়ই চতুর
বিশ্রাম নাইরে দিবানিশি
ব্রহ্মাণ্ডে প্রেমিক যারা, শোনে তারা
কুল ছাড়িয়ে হয় উদাসী ।।
সেই ঘাটে যায়না কখন, রবির কিরণ
চাঁদের আলো, পূর্ণমাসী
সে কথা যায়না বোঝা, শুনতে সোজা
ভাবতে গেলে ওঠে হাসি
হাসতে যেয়ে কাঁদে যারা, পাইলো তারা
কাজ নাই মক্কা গয়া কাশী
সদায় সে রুপ নেহার করে, আপন ঘরে
আপনি আপন প্রেম পিয়াসী ।।
জালালে কয়, হয় কি না হয়, সেই পরিচয়
আয় যাবি মন দেখে আসি
কুলমান যাকনা এবার, করবো কি আর
প্রাণে লইবো প্রেমের ফাঁসি ।।
তথ্য
- জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী, ১০০/১১৯ আজিজ সুপার মার্কেট (দ্বিতীয় তলা), শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৪৪