গীতিকার: জালাল উদ্দিন খাঁ
শিরোনাম: উদাসী পরাণে প্রেমেরই গানে কাটাইলাম এ জীবন
পর্যায়: প্রেমতত্ত্ব
৩১৮
উদাসী পরাণে প্রেমেরই গানে কাটাইলাম এ জীবন
থাকলে কিন্তু খুবই উচিত, দিতে এইবার দরশন ।।
নাই নাহি বলছে যারা, বেচে ভবে আছেই তারা
কোন স্বার্থে মুই জন্মভরা করতেছি তোর গুণকীর্তন
সত্যই যদি থাকো তুমি, দেখা দেওহে, দেখি আমি
তা না হইলে এই পাগলামি, রইবেনা আর বেশীক্ষণ ।।
যে আকার হয় বিশ্বজুড়ি, সেই আকারে চিনতে নারি
আমারই আকৃতি ধরি, শান্ত করো আমার মন
বেহেশতের হাসিখুশী, কখন ভালো নাহি বাসি
জালাল তোরই প্রেম পিয়াসী, না মিটায়ে দিসনে শমন ।।
তথ্য
- জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী, ১০০/১১৯ আজিজ সুপার মার্কেট (দ্বিতীয় তলা), শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২১১