শিরোনামঃ লাইলাহা ইল্লা লাহু মোহাম্মদ রসুলুল্লা
বিবরণঃ গান ফকিরি, সুর পীতরাজ, ধুয়া
লাইলাহা ইল্লা লাহু মোহাম্মদ রসুলুল্লা
হরদমে আল্লাজির নাম ভুইলোনা মওলা ।।
কলেমা তৈয়বের মানি, মাবুদ বড় হক জানি
কলবে জপিও নাম খুলিবে তালা ।
হৃদয়ে প্রকাশ হবে মনের মানুষ দেখতে পাবে
প্রেমভাবে হুহু রবে খেলো নিরালা ।।
কোন কলে কলেমা ঘোরে, চায়া দেখ তুই আদম শহরে
আল্লা রসুল তার ভেতরে দুইজনে খেলা ।
খেলো মোমীন প্রেমের খেলা, সঙ্গ হইলে যাবে জ্বালা
তিন জনে এক যোগে হবে উজালা ।।
এই যে কলবের ভিতর, আছে এক আজব শহর
তারেতে চলছে খবর, গুণ সে কালা ।
কোরানে খবর আছে, জিজ্ঞাসা কর পীরের কাছে
কুলুবিন মুমিন পড় আরশে আল্লা ।।
আইন ও শিন কাফ অক্ষরে দংশন করিলো মোরে
কাফ লাম ও শিন অক্ষরে জবর মিলা ।
খেলে মোমীন প্রেমের খেলা, মরার আগে মরণ ভালা
জীবিত প্রাণে মরতে পাইলে ঘুচিবে জ্বালা ।।