বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: তোমার গরবে গরব আমার আল্লা পরম স্বামী
তোমার গরবে গরব আমার আল্লা পরম স্বামী।
(মোর) অন্তর বাহির জুড়িয়ে থেক যেন দিবাযামী॥
আমি যদি পথ ভুলি, আল্লা, হাত ধ’রে ফিরাইও
মোর নিবেদিত দেহ-মন-প্রাণ কবুল করিও প্রিয়,
(তবে) পরমাশ্রয় ছেড়ে যেন আর ধূলি পথে নাহি নামি॥
প্রেম যদি মোরে নাহি দাও, খোদা, পরম বিরহ দিও,
পাষাণ এ প্রাণ তোমার বিরহে তিলে তিলে গলাইও।
কোথায় দুনিয়া কোথা আখেরাতে, তুমি ছাড়া কিছু নই
তুমি লা-শরিক – এই বিশ্বাস চিরদিন যেন পাই,
রহমত দিয়া ফুল ফুটাইও ভুল যদি করি আমি॥
- ভাবসন্ধান: এই গানে কবি পরম স্রষ্টা
আল্লাহ -এর প্রতি গভীর ভক্তি,
নিঃশর্ত আত্মসমর্পণ এবং পূর্ণ নির্ভরতার অনুভূতি প্রকাশ করেছেন।
কবি আল্লাহকে তাঁর পরম প্রভু হিসেবে স্বীকার করে তাঁর সঙ্গে নিজের অবিচ্ছেদ্য
সম্পর্ক গর্বের সঙ্গে ব্যক্ত করেছেন—“তোমার গরবে গরব আমার”। তিনি চান,
অন্তর-বাহিরে সর্বক্ষণ আল্লাহ তাঁর সঙ্গে বিরাজ করুন। কারণ, তিনি যদি কখনো সৎপথ
থেকে বিচ্যুত হন, তবে আল্লাহ যেন তাঁর হাত ধরে তাঁকে পুনরায় সঠিক পথে পরিচালিত
করেন। কবি তাঁর দেহ-মন-প্রাণ আল্লাহর কাছে নিবেদন করেছেন এবং প্রার্থনা করেছেন,
যেন এই আত্মসমর্পণ কবুল করা হয়। তিনি আর কখনো এই পরম আশ্রয় ছেড়ে দুনিয়ার
ভ্রান্ত পথে না যান—এই তাঁর আন্তরিক কামনা।
পরবর্তী অংশে কবি বলেন, যদি তিনি আল্লাহর
প্রেম লাভ করতে না পারেন, তবে অন্তত তাঁর বিরহ যেন লাভ করেন। কারণ এই বিরহই
তাঁর কঠিন পাষাণ হৃদয়কে গলিয়ে দেবে এবং তাঁকে সত্য ও সৎপথে পরিচালিত করবে।
কবি উপলব্ধি করেন, দুনিয়া ও আখেরাত—উভয়
জগতেই আল্লাহ ছাড়া আর কিছুই স্থায়ী নয়। তিনি আল্লাহর একত্বে (লা-শরিক) দৃঢ়
বিশ্বাস রাখতে চান। যদি কখনো তিনি ভুল করেন, তবে আল্লাহ যেন তাঁর রহমতের
মাধ্যমে তাঁর জীবনে পুনরায় কল্যাণ ও সৌন্দর্যের বিকাশ ঘটান।
- রচনাকাল ও স্থান:
গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪১ খ্রিষ্টাব্দের নভেম্বর (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪৮) মাসে টুইন রেকর্ড কোম্পানি এই গানটির একটি রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ৪২ বৎসর ছিল ৫ মাস।
- গ্রন্থ:
নজরুল-সংগীত সংগ্রহ
[রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল
ইনস্টিটিউট।
তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮।
গান ১৪৮২। পৃষ্ঠা ৪৪৫]
- রেকর্ড: টুইন [নভেম্বর ১৯৪১ (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪৮)]।
এফটি ১৩৭০৬। শিল্পী: মিঃ আসরাফ আলী
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। ইসলাম। হামদ।
প্রার্থনা