বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: নমন্তে বীণা পুস্তক হস্তে দেবী বীণাপাণি।
নমন্তে বীণা পুস্তক হস্তে দেবী বীণাপাণি।
শতদল-বাসিনী সিদ্ধি-বিধায়িনী সরস্বতী বেদবাণী॥
এসো আমল ধবল শুভ সাত্ত্বিকী বর্ণে,
হংস-বাহনে লীলা উৎপল কর্ণে,
এসো বিদ্যারূপিণী মা শারদা ভারতী এসো ভীতজনে বরাভয়
দানি॥
শুদ্ধ জ্ঞান দাও শুভ্র আলোক
অজ্ঞান তিমির অপগত হোক।
মৃতজনে সঙ্গীত-অমৃত দাও মা বীণাতে মাভৈঃ ঝঙ্কার
হানি।
- ভাবসন্ধান: এই গানে বিদ্যা, জ্ঞান, সঙ্গীত ও প্রজ্ঞার
অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর প্রতি গভীর ভক্তি ও প্রার্থনা প্রকাশ পেয়েছে। কবি
বীণাপাণি দেবীকে জ্ঞান, শুভ্রতা ও সৃজনশীলতার উৎসরূপে কল্পনা করে তাঁর আশীর্বাদ
কামনা করেছেন।
কবি প্রথমে দেবী সরস্বতীর বন্দনা করে বলেন—যাঁর
হাতে বীণা ও পুস্তক শোভা পায়, যিনি শতদল পদ্মে আসীন, যিনি সিদ্ধি ও জ্ঞানের
দাত্রী, সেই বেদবাণীর অধিষ্ঠাত্রী দেবীকে প্রণাম জানাই। তিনি বিদ্যা, জ্ঞান ও
সৃষ্টিশীলতার পরম উৎস।
কবি দেবীকে—নির্মল শুভ্র ও সাত্ত্বিক রূপে
আহ্বান করেছেন, হংসবাহনে, উৎপল শোভিতা অলঙ্কৃত কর্ণে। তাঁকে আহ্বান
করেছেন- বিদ্যারূপিণী শারদা ভারতী রূপে। কবিরা প্রার্থনা ভয়, অন্ধকার ও দুর্বলতায় আবদ্ধ
জগতে, তিনি অভয় দান করুন এবং জ্ঞানের আলো দিয়ে তাদের জীবন আলোকিত করুন।
কবি প্রার্থনা করেন, দেবী যেন মানুষকে
শুদ্ধ জ্ঞান ও শুভ্র আলোক দান করেন, যাতে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায়।
মানুষের হৃদয়ের মূর্ছিত চেতনা ও মৃতপ্রায় সৃষ্টিশক্তিকে তিনি যেন তাঁর বীণার
সুরের অমৃতধারায় পুনরুজ্জীবিত করেন। তাঁর বীণার ধ্বনি যেন ভয় দূর করে ("মাভৈঃ"—ভয়
করো না) সাহস, আনন্দ ও জ্ঞানের জাগরণ ঘটায়।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে
কিছু জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি (মাঘ-ফাল্গুন
১৩৪৪) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির
প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ৮ মাস।
- গ্রন্থ:
নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)।
১৯৬৩ সংখ্যক গান। পৃষ্ঠা: ৫৯০।
- রেকর্ড: এইচএমভি [ফেব্রুয়ারি ১৯৩৮ (মাঘ-ফাল্গুন ১৩৪৪)। এন ১৭০৪৫। শিল্পী:
রেণুকা সিংহ ও লতিকা মিত্র।
- সুরকার: সত্যেন চক্রবর্তী
- স্বরলিপি ও স্বরলিপিকার:
আহসান
মুর্শেদ
[নজরুল সঙ্গীত স্বরলিপি,
পঁয়তাল্লিশতম খণ্ড,, কবি নজরুল ইসলাম
ইনস্টিটিউট। জুন ২০১৮] গান সংখ্যা ১৫। পৃষ্ঠা: ৬২- ৬৪
[নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। সনাতন হিন্দুধর্ম। সরস্বতী। প্রার্থনা
- তাল: কাহারবা
- গ্রহস্বর: মদ