বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম:
মণ্ডলী রচিয়া ব্রজের গোপীগণ
মণ্ডলী রচিয়া ব্রজের গোপীগণ
করে রাস-কেলি সঙ্গে রাধাপ্যারী মদন মোহন॥
(যেন) মেঘের কোলে সৌদামিনী খেলে
(যেন) তমাল ডালে স্বর্ণলতা দোলে,
নীল গগন-থালায় যেন জোছনারই চন্দন॥
তারাগণ মধ্যে যেন চাঁদের উদয়
নীল কমলে যেন সোনার পরাগ রয়
নীল গিরিতে যেন ঝর্নার হরষণ॥
পূর্ণিমা কৃষ্ণা রাতি একই তিথিতে
জড়াজড়ি করে নাচে মাধবী-বীথিতে
আনন্দ-গোলক হ’ল আজি মধুবন॥
-
ভাবসন্ধান: এই গানে বৃন্দাবনের মধুবনে রাধা-কৃষ্ণের রাসলীলা এবং গোপীদের আনন্দোচ্ছ্বাসের এক অপূর্ব চিত্র ফুটে উঠেছে। কবি প্রকৃতির নানা উপমার মাধ্যমে রাধা-কৃষ্ণের মিলন ও রাসনৃত্যের সৌন্দর্যকে অলৌকিক রূপ দিয়েছেন।
ব্রজের গোপীগণ মণ্ডলী রচনা করে রাধা ও মদনমোহন কৃষ্ণকে কেন্দ্র করে রাস-কেলিতে মেতে উঠেছে। এই রাসলীলা যেন সাধারণ কোনো নৃত্য নয়—এ যেন স্বর্গীয় আনন্দের প্রকাশ। তাই কবি এর সৌন্দর্য বোঝাতে চমৎকার
নানা উপমায় বিভূষিত করেছেন। রাধা-কৃষ্ণের যুগলমূর্তিকে মনে হয়েছে মেঘের কোলে সৌদামিনী (বিদ্যুৎ), অর্থাৎ শ্যামবর্ণ কৃষ্ণের পাশে সোনালি রাধা যেন মেঘের বুকে বিদ্যুতের ঝলক। আবার কৃষ্ণ যেন তমালবৃক্ষ আর রাধা সেই বৃক্ষের ডালে দোল খাওয়া স্বর্ণলতা। নীল আকাশের পাত্রে জোছনার চন্দনের মতো তাঁদের যুগলরূপ চারদিকে শান্তি ও সৌন্দর্য ছড়িয়ে দিচ্ছে।
গোপীদের মধ্যে রাধা-কৃষ্ণের উপস্থিতিকে কবি তুলনা করেছেন তারাদের মাঝে চাঁদের উদয়, নীলপদ্মের মধ্যে সোনার পরাগ, এবং নীল পাহাড়ের বুকে আনন্দে ছুটে চলা ঝরনার সঙ্গে। এসব উপমার মধ্য দিয়ে রাধা-কৃষ্ণের যুগল সৌন্দর্যের অনন্যতা ও উজ্জ্বলতা প্রকাশ পেয়েছে।
গানের শেষাংশে রাসলীলার পরিবেশ আরও জীবন্তরূপ উপস্থাপন করা হয়েছে। পূর্ণিমার রাত, মাধবীলতায় ঘেরা কুঞ্জবন, রাধা-কৃষ্ণের পরস্পর জড়িয়ে নৃত্য এবং গোপীদের সম্মিলিত আনন্দ—সব মিলিয়ে মধুবন যেন একটি বিশাল “আনন্দ-গোলক” হয়ে উঠেছে।
-
রচনাকাল ও স্থান: ১৯৪১ খ্রিষ্টাব্দে এইচএমভি গানটির রেকর্ড করেছিল। কিন্তু শেষ পর্যন্ত প্রকাশিত হয় নি। গানটির সাথে মাসের উল্লেখ না থাকায়, গানটি প্রকাশের সময় নজরুলের মাস-ভিত্তিক বয়স কত ছিল, তা অনুমান করা যায় না। তাই এই গানগুলোকে ৪২ বৎসরের তালিকায় যুক্ত করা হলো।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর ২০৫৯ সংখ্যক গান। পৃষ্ঠা: ৬২০।
- রেকর্ড: এইচএমভি [১৯৪১ খ্রিষ্টাব্দ (১৩৪৯ বঙ্গাব্দ)। শিল্পী কুঞ্জলাল সিংহ ।
রেকর্ডটি প্রকাশিত হয় নি।
- পর্যায়
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। সনাতন হিন্দুধর্ম। বৈষ্ণব। রাসোৎসব