বিষয়: রামপ্রসাদের গান
গান: ১০২। 
কালী-কীর্তন
 

মন রে ভালোবাসো তাঁরে ।
যে ভবসিন্ধু পারে তারে ।
এই করো ধার্য কীবা কার্য অসার পসারে
॥
ধনে জনে আশা বৃথা, বিস্মৃত সে পূর্বকথা,
তুমি ছিলে কোথা, এলে কোথা, যাবে কোথাকারে
॥
সংসার কেবল কাজ, কুহকে নাচায় নাচ,
মায়াবিনী কোলে আছ পড়ে কারাগারে
॥
অহংকার দ্বেষ রাগ, অনুকূলে অনুরাগ,
দেহরাজ্য দিলে ভাগ, বলো কী বিচারে
॥
যা করেছ চারা কীবা, প্রায় অবসান দিবা,
মণিদ্বীপে ভাবো শিবা, সদা শিবাগারে
॥
প্রসাদ বলে দুর্গানাম, সুধাময় মোক্ষধাম,
জপ করো অবিরাম, শুধাও রসনারে
॥
 


সূত্র: