বিষয়: রামপ্রসাদের গান
গান: ১০৮। 
কালী-কীর্তন
 

মায়ের এমনি বিচার বটে ।
যে জন দিবানিশি দুর্গা বলে,
তারই কপালে বিপদ ঘটে
॥
হুজুরেতে আরজি দিয়ে মা,
দাঁড়াইয়ে আছি করপুটে ।
কবে আদালত শুনানি হবে মা,
নিস্তার পাব এ সংকটে
॥
সওয়াল জবাব করবো কী মা,
বুদ্ধি নাইকো আমার ঘটে ।
ওমা ভরসা কেবল শিববাক্য,
ঐক্য বেদাগমে রটে
॥
প্রসাদ বলে শমন-ভয়ে মা,
ইচ্ছে হয় যে পালাই ছুটে ।
যেন অন্তিমকালে দুর্গা বলে,
প্রাণ ত্যজি জাহ্ণবীর তটে
॥
 


সূত্র: