বিষয়: রামপ্রসাদের গান
গান: ৬৬। 
কালী-কীর্তন
 

কালী সব ঘুচালে ল্যাটা ।
আগম নিগম শিবের বচন,
মানবি কিনা মানবি সেটা
॥
শ্মশান পেলে ভালবাস মা,
তুচ্ছ কর মণিকোটা ।
মা গো আপনি যেমন ঠাকুর তেমন,
ঘুচল না আর সিদ্ধি-ঘোঁটা
॥
যেমন তোমার ভক্ত হয় মা,
ভিন্ন হয় তার রূপের ছটা ।
তার কটিতে কৌপিন মেলে না,
গায় ছালি আর মাথায় জটা
॥
ভূতলে আনিয়ে মা গো
করলে আমায় লোহাপিটা ।
আমি তবু কালী বলে ডাকি,
সাবাস আমার বুকের পাটা
॥
চাকলাজুড়ে নাম রটেছে,
শ্রীরামপ্রসাদ কালীর ব্যাটা ।
এ যে মায়েপোয়ে এমন ব্যাবহার,
ইহার মর্ম বুঝবে কেটা
॥
 


সূত্র: