বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম: ওহে, সুন্দর, মরি মরি

পাঠ ও পাঠভেদ:

ওহে,      সুন্দর, মরি মরি,

তোমায়   কী দিয়ে বরণ করি ॥

তব        ফাল্গুন যেন আসে

আজি      মোর পরানের পাশে,

দেয়       সুধারসধারে-ধারে

মম        অঞ্জলি ভরি ভরি ॥

মধু        সমীর দিগঞ্চলে

আনে      পুলকপূজাঞ্জলি-

মম        হৃদয়ের পথতলে

যেন       চঞ্চল আসে চলি।

মম        মনের বনের শাখে

যেন       নিখিল কোকিল ডাকে,

যেন       মঞ্জরীদীপশিখা

নীল       অম্বরে রাখে ধরি ॥