বিষয়: শেখ ভানু রচিত গান
গান সংখ্যা: ৫৯
বানাইয়া রঙ্গের ঘর দেখিতে সুন্দর
ঘরের মানুষ ঘরে থুইয়া ঘর যাইব পুরান হইয়া
ও মন রে ঘুণে খাইয়া করবে জরজর॥
চৌকুণা ছৈয়ারই ঘর রোয়া বহুতর
ঘরে মাঝখানে দেওয়ান খানা বিরাজ করে পঞ্চজনা
ও মন রে তাতে আইসে টেলির খবর॥
ঘরের দুই দিকে দুই ফানুস বান্ধা জ্বলে রাত্র দিন
তারি মাথ্যে রঙ্গের খেলা, খেলনা মন ও চঞ্চলা
ও মন রে দিনে দিনে হইবে রে মলিন॥
কার জায়গায় বসতি করো বানাইয়া ঘর
ঘুণে খাইয়া করবে জরজর॥
তোর খাজনা বাকি থুইয়া বেভুলে রইয়াছ বইয়া
ও মন রে বান্ধিয়া নিবে রাখো নি খবর॥
ঘরের ভিতরে আরঙ্গি পাখা হাওয়া আইছে টানে
অধীন শেখ ভানু বলে, সেই পাঙ্খা ছিড়িয়া গেলে
ও মন রে পড়িয়া মরিবে পরানে॥
পর্যায় তথ্যসূত্র

বাউল ফকির পদাবলি শেখ ভানু। সুমনকুমার দাশ সম্পাদিত। অন্বেষা প্রকাশনী, ৯ বাংলাবাজার ঢাকা-১১০০। অমর একুশে বইমেলা ২০১৭। পৃষ্ঠা: ৭৫