বিষয়ঃ শেখ ভানু রচিত গান
গান সংখ্যাঃ ৭০
মন তুমি জপো না ইল্লাল্লা
ইল্লাল্লা জপিলে যাইব রে মন
তোর দিলের ভাবনা ॥
বৈশাখ মাসেতে মন রে ফোটে নানা ফুল
সুগন্ধে মোহিত হইয়া ভোমরা আকুল
নিশার সময়ে ভ্রমরা উড়িয়া বেড়ায়
ফুলে ফুলে বিরাজিয়া ফুলের মধু খায়।
যার যার মাশুক সনে হইলে মিলন
সুখেতে কাটায় নিশি হইয়া মগন।
মন তুমি ভুলিয়া রইলে মাশুক ছাড়িয়া
তুমি কার কে তোমার দেখলে না ভাবিয়া।
জ্যৈষ্ঠ না মাসেতে মন রে পাকে নানা ফল
মাশুক ধুড়িয়া ফিরে বুলবুল সকল।
বুলবুলের মাশুক মন রে আম কাঁঠাল কলা
খাইলে নিভিয়া যায় মন উদরের জ্বালা।
মন আমার মাশুক বিনে চঞ্চলের মতি
আন্ধাইর ঘরে কি দেখিবে, না জ্বালাইয়া বাতি?
জ্ঞানের আগুইনে মন রে জ্বালাও মশাল
তবে তো দেখিতে পারো মাশুক জামাল।
আষাঢ় মাসেতে মনরে ছিল বিরণী খই
মাখাইলাম সুবণ্যের থালে বন্ধু রইল কই?
ভাবে বলে মনমোহিনী বলি তোর ঠাঁই
হৃদয় মন্দিরের মাঝে আরাইলাম কানাই ।
হৃদয় মন্দিরে আছে কুচিন্তার বাজার
সদায় করে কলরব কঠিন ব্যাপার ।
নীরব অইতে পারো বাজার ভাঙিয়া
জ্ঞানের চউখে চাও নিরখিয়া।
শাওন মাসেতে মন রে উথলে সাগর
অকূল সাগর দেখি অঙ্গ ঝরেঝর।
যে দেশে বন্ধুয়ার বাড়ি গুদারা
কেমনে অইমু পার, আমার মনুরা চঞ্চল ।
না আছে খেওয়ার নাও না দেখি খেওয়ানী
কুলেতে বসিয়া ডাকি আমি অভাগিনী।
মরিয়া ভাসিমু আমি যমুনারই জলে
বন্ধু নি অভাগিনী দেখিবে সকলে ।
ভাদ্র না মাসেতে মন রে গাছে পাকা তাল
গেল না গেল না মন তর দুঃখের কপাল।
কদম্বের তলে বন্ধের শুনি বাঁশির ধ্বনি
হৃদয় জ্বলিয়া উঠে যেন জ্বলন্ত আগুনী।
আশ্বিন মাসেতে মন রে গাঙ্গে দেয় চর
সাজাইয়া ফুলের শয্যা মন একাস্বর।
একে তো আন্দাইর রাইত চউখে ঝরে পানি
নিরলে বসিয়া কান্দি আমি অভাগিনী।
কার্তিক মাসেতে মন রে ভাটি দেয় জোয়ার
বন্ধের মিলন ভাইগ্যে না অইল আমার ।
আহা রে জীবন গেল পন্থ পানে চাইয়া
পিরিতি বিচ্ছেদ জ্বালা উঠে রইয়া রইয়া।
আগন মাসেতে মন রে পাকে নানা ধান
দেখিয়া আনন্দ মন যতেক কিষান।
মন আমার আকুল অইল দিন কাটে ঘুন
জ্বলিয়া জ্বলিয়া উঠে দুঃখের আগুইন।
পৌষ মাসেতে মন রে আন্ধারিয়া রাতি
একেলা বসিয়া কান্দি কেউ নাই মোর সাথী ।
ভাবিলে কি হবে মন রে কান্দিলে কি অবে?
জিতে যদি না পাইলে, মরিলে কি পাবে?
মাগ না মাসেতে মন রে অঙ্গ কাঁপে জাড়ে
তুই বন্ধের পিরিতে আমার পরানী বিদুরে
দিলের দরদী তুমি নয়নের জুতি
দমের দুলভ তুমি বিপদের সাথী ।
ফাল্গুন মাসেতে মন রে বসন্তের জোর
নিশাতে বেভুল হইয়া নিশি কইলাম ভোর ।
কোকিল ডাকে ডালে ডালে বসি কুউ কুউ রবে
চিনলে না মনমোহিনী মিছা আইলে ভবে।
কোকিল তো কোকিল নায় রে কোকিল বিনোদিয়া
কোকিল মোর কুলনাশিনী কে দিবে ধরিয়া।
আত নাই পাও নাই বিনা পাখে উড়ে
বলগো সই মনমোহিনী কেমনে ধরি তারে।
চৈত্র না মাসেতে মন রে বছরের শেষ
না পাইলাম প্রাণের বন্ধু করিয়া উদ্দেশ।
আশাতে জীবন গেল পড়িয়া গাফিলে
কাল ননদী না দেয় মোরে যাইতে কদম তলে।
কদমের তলে বন্ধে মুররী বাজায়
চক মেলার বাজারে বসি শব্দ শোনা যায়।
শাহ ভানু বলে মন রে মিছা আইলে ভবে
জিতে যাবে না পাইলে মইরলে কি পাবে?
বারমাসের তের পদ অইল পূরণ
দুঃখের উপর দুঃখ না যায় সহন।
সুখ তেজি দুঃখ না যায় সহন।
সুখ তেজি দুঃখ যদি পারো হে সহিতে
তবে মিলিতে পারো মাশুকের সাথে॥
পর্যায়
- বিষয়াঙ্গ: আত্মতত্ত্ব (বারমাসি)
তথ্যসূত্র
- বাউল ফকির পদাবলি শেখ ভানু। সুমনকুমার দাশ সম্পাদিত। অন্বেষা প্রকাশনী, ৯ বাংলাবাজার ঢাকা-১১০০। অমর একুশে বইমেলা ২০১৭। পৃষ্ঠা: ৮৬-৮৮